সৌদিআরবে বাসের চাকা বিস্ফোরণে বাংলাদেশি হাজীর মৃত্যু, আহত ২২
প্রকাশিত হয়েছে : ১:২০:৪৬,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সৌদি আরবে বাংলাদেশি হাজিদের বহনকারী বাসের চাকা ফেটে দুর্ঘটনায় একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্যে মদিনা যাওয়ার পথে ওয়াদি ফারা নামক স্থানে বাসের চাকা বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি ফেনী সদর উপজেলার হাজির গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৭০)। বাসটির যাত্রীরা স্কাই ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান হজ পালনের জন্যে।
বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন এই বাংলাদেশিরা। এসময় ওয়াজুল ফারা এলাকায় বাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটে।
বাসটিতে মোট ৩৫ জন ছিলেন। আহতদের ওয়াজুল ফারা হাসপাতাল, কিং ফাহাদ হাসপাতাল, মিকাত হাসপাতাল ও ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






