পাঁচভাই রেস্টুরেন্টে ৩ লন্ডন প্রবাসীর উপর ছাত্রলীগের হামলা!
প্রকাশিত হয়েছে : ৩:৩২:০১,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন লন্ডন প্রবাসী তিন যুবক। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ওসমাসী হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হচ্ছেন- হাসান, লিমন ও নাহিয়ান। এরা তিনজনই যুক্তরাজ্য প্রবাসী। তবে তাদের ঠিকানা জানাযায়নি। এছাড়া হামলার শিকার হয়েছেন তাদের গাড়ি চালকও।
বাজে মন্তব্যের প্রতিবাদ করায় তাদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও উপস্থিত কয়েকজন জানান মদ খেয়ে যাওয়ার সময় পথচারীর উপর গাড়ি তুলে দেয়ায় জনতা তাদের মারধর করেছে। তবে পুলিশও জানিয়েছে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়।
এসময় অনেকে বলেন রেস্টুরেন্টের সিসি টিভির ফুটেজ দেখলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারী ছাত্রলীগ ক্যাডাররা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি
পিযুষ কান্তি দে’র গ্রুপের কর্মী।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়াসহ পুলিশ সদস্যরা। ওসি বলেন, খারাপ মন্তব্যের প্রতিবাদ করায় পাঁচভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসী যুবকের উপর হামলা চালিয়েছে পিযুষ গ্রুপের কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।






