গোলাপগঞ্জ থানা পুলিশের মাইকিং, গুজবে কান না দিতে আহবান!
প্রকাশিত হয়েছে : ২:১৯:৩৯,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ১৪৩৮ বার পঠিত
ইমরান আহমদ:: পদ্মাসেতুতে মানুষের ‘কল্লা’ লাগবে গুজবে ছেলে ধরা সন্দেহ দেশজুড়ে। এমন গুজবের ভয়ে ছোট ছোট শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছেন না অভিভাবকরা। শুধু তাই নয় কোথাও সন্দেহভাজন কোন লোককে ধরলে ছেলে ধরা বলে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হচ্ছে। এতে অভিভাবকদের মনে আরো ভীতি বেড়েছে।
এসব গুজবে কান না দিতে ও ভয়-ভীতি পরিহার করে নাগরিকদের স্বাভাবিক জীবন যাপনের জন্য গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলাজুড়ে প্রচারণা চালাচ্ছে।
রবিবার (২১ জুলাই) বিকালে এমন প্রচারণা মাইকিং গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে চালানো হয়েছে।
প্রচার মাইকিং থেকে বলা হচ্ছে, পদ্মাসেতুতে মানুষের রক্ত ও ‘মাথা’ লগবে বলে দেশজুড়ে গুজব চালাচ্ছে একদল চক্র। এসব গুজবে কেউ কান দিবেন না। কোথাও সন্দেহভাজন কোন নারী বা পুরুষ দেখলে আইন হাতে না তুলে তাৎক্ষনিক থানা পুলিশকে বিষয়টি অবগত করতেও বলা হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নাগরিকদের সচেতন এবং ভয়ভীতি পরিহার করতে উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। তিনি বলেন, সাদা পোষাকে পুলিশের বিশেষ টিম মাঠে সতর্ক রয়েছে। কোথাও এধরনের কোন অঘটন ঘটলে তাৎক্ষনিক পুলিশকে জানাতে হবে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বাক্ষী প্রমাণে দুষিদের আটক করা হবে। এসব গুজবে কান না দিয়ে সকলকে স্বাভাবিকভাবে চলাফেরার আহবানও জানান তিনি।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় ছেলে ধরার গুজবে গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এতে অনেকেই নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।
গত কয়েকদিনে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় গণপিটুনিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।






