প্রথমদিনই এসসিএসকে ৫০ হাজার জরিমানা!
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:০০,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অমান্য করে টিভি চ্যানেল সম্প্রচারের অভিযোগে সিলেট ক্যাবল সিস্টেম (এসসিএস) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুলাই) বিকাল ৫ টা থেকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজায় অবস্থিত এসসিএস কার্যালয়ে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ১৬ ধারা অনুযায়ী বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেলসমূহ সম্প্রচারের তারিখ (date of on air) থেকে ক্রমানুযায়ী সম্প্রচার না করায় এসসিএস ক্যাবলসকে উক্ত আইনের ২৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক ও লাইসেন্স পরিদর্শক এবং এসএমপি পুলিশ ফোর্স উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।






