হত্যার পর মায়ের কাছ থেকে টাকা নিয়ে পালায় নয়ন বন্ড!
প্রকাশিত হয়েছে : ৪:৫৬:১৮,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ২২৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রিফাত হত্যার সেই ৪৭ সেকেন্ডের ভিডিও চিত্রটি এখনো ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মাঝে একে এক বেরিয়ে আসেছে রিফাত হত্যার পরবর্তী অদ্ভুত সব তথ্য। হত্যা শেষে কোথা থেকে কোথায় গিয়েছিলো রিফাতের হত্যাকারীরা, কিভাবে গেলো, কারা সাহায্য করলো। এমনকি প্রধান আসামী নয়ন বন্ডের মা হত্যার পর তাকে ২০ হাজার টাকাও দিয়েছেন। এমন খবর ছড়াচ্ছে সবখানে।
জানা গেছে, হত্যাকাণ্ডের শেষে কলেজের রোড বেয়ে পশ্চিমে চলে যায় খুনীরা। উপজেলা পরিষদের পুকুর পাড়ের সড়কে অবস্থান নেয় নয়ন বন্ড ও রিফাত। ০০৭ গ্রুপের অন্য সদস্যরা নিজের মত করে সরে যায়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল নায়ক নয়ন বন্ডের মা সাহিদা বেগম বলেন, ‘হত্যাকাণ্ডের দিন বেলা ১১টায় নয়ন আমাকে ফোন করে। ফোন তুলেই নয়নকে প্রশ্ন করি ‘তুমি নাকি কারে কোপাইছো? আহারে কার মায়ের কোল খালি করছো’।
উত্তরে নয়ন বলে, ‘কোপাইছি ঠিক করছি, তুমি আমার জামা কাপড় আর টাকা পয়সা ব্যবস্থা করো’ এ কথা বলেই নয়ন বন্ড বাসার কাছে একটি দোকানের পিছনে আসে। সেখান থেকে একটি ছেলেকে তার বাসায় পাঠিয়ে দেয়। নয়ন বন্ডের মা ওই ছেলের কাছে একটি শার্ট এবং প্যান্ট পাঠিয়ে দেয়। পরে আবারও তাকে টাকা পাঠাতে বলে। এবার নয়ন বন্ডের মা নিজে এসে তার ছেলে নয়ন বন্ডের হাতে ২০,০০০ টাকা দেন।’
এরপরে নয়ন বন্ড ও রিফাত টাকা নিয়ে কেজি স্কুল রোডে এক বন্ধুর বাড়িতে যায়। সেই জায়গায় তারা তিনজন বন্ধুর সাথে কথা বলে। ওই সময় নয়ন তার মোবাইল ভেঙে ফেলতে চাইলে একজন ফোনটি রেখে টাকা দিয়ে দেয়। এরপর নয়ন ও রিফাত তাদের আরেক ক্রোক হাওলাদার বাড়ির রিফাতের এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করে। সেখান থেকে তারা পৃথক হয়ে যায়। নয়ন পুরাকাটা ফেরি পার হয়ে আমতলী গলাচিপা হয়ে পৌঁছে যায় দশমিনায়। সেখানে বুধবার রাত কাটায় সে। এরপর নৌ ও সড়ক পথে ভেঙে ভেঙে চলে যায় উত্তরবঙ্গের জেলা শহর দিনাজপুর।
বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনের প্রথমভাগ পর্যন্ত চেষ্টা চালায় হিলি বর্ডারের চোরাপথ ধরে ভারতে পালিয়ে যাওয়ার। কিন্তু এরই মধ্যে সীমান্তে রেড অ্যালার্ট জারি হওয়ায় পালাতে ব্যর্থ হয় সে। আত্মীয় পরিজনের সঙ্গে শুক্রবার সকাল পর্যন্ত মোবাইল ফোনে যোগাযোগ ছিল নয়ন বন্ডের। নিরাপত্তার স্বার্থে এরপর সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় সে।
প্রসঙ্গত, নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তার বাবার নাম আ. হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন রিফাত।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। (বি.ম)






