ডিআইজি মিজান ওসির ‘শীতাতপ’ কক্ষে!
প্রকাশিত হয়েছে : ৪:০২:৩৫,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ১৭৫৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আলোচিত-সমালোচিত সিলেটের সাবেক ডিআইজি মিজানুর রহমান মিজান হাইকোর্টের নির্দেশে থানা হাজতের চার দেয়ালে বন্দি থাকলেও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আয়েশেই আছেন। অন্য বন্দিদের মতো হাতে হাতকড়া বা হাজতে থাকতে হচ্ছে না তাকে। ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে একটু ‘সম্মান পাচ্ছেন’ তিনি।
সোমবার (১ জুলাই) দুর্নীতি মামলার আগাম জামিন নিতে গিয়ে হাইকোর্টের নির্দেশে আটক হয়েছেন তিনি। বিকালে হাইকোর্ট থেকে শাহবাগ থানায় নেয়া হয় ডিআইজি মিজানকে। থানায় কাউকে বন্দি করা হলে তাকে সাধারণ হাজতিদের (পুরুষ) কক্ষে রাখা হয়। তোষক-জাজিমের ব্যবস্থা না থাকলেও ফ্লোরে থাকে কম্বল বা কাঁথা, সেটা পরেই ঘুমাতে হয়। কিন্তু মিজানের ক্ষেত্রে তেমনটি চোখে পড়েনি। তাকে রাখা হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। ওসির রুমে গল্প করে সময় কাটাতে দেখা গেছে।
শাহবাগ থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘রাতে তাকে (মিজান) সাধারণ হাজতিদের কক্ষে রাখা হচ্ছে না। রাত বাড়লে তাকে অন্য একটি রুমে রাখা হবে। অপরাধী হলেও তিনি পুলিশের একজন ঊর্ধ্বর্তন কর্মকর্তা। তাই সবাই একটু সম্মান করেই রাখা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘আমরা আদালত থেকে তাকে থানা হেফাজতে নিয়েছি। দিনের সময় শেষ হয়ে যাওয়ায় আজ তাকে নিন্ম আদালতে হাজির করা যায়নি। তিনি রাতে থানা হাজতেই থাকবেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে নেওয়া হবে।’
উল্লেখ্য, ডিআইজি মিজানের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা, ২০১২ সালের মানিলন্ডারিং আইনের ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে করা হয়। দুদক পরিচালক মনজুর মোরশেদ বাদী হয়ে মামলাটি করেন। (ঢা.টা)






