কালো টাকা সাদা করার পক্ষে রওশন এরশাদ!
প্রকাশিত হয়েছে : ১:১০:২৪,অপরাহ্ন ২৯ জুন ২০১৯ | সংবাদটি ৩৬৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাজেটে কালো টাকা সাদা করার পক্ষে সাফাই গাইলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।
শনিবার (২৯ জুন) সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় উপনেতা এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘প্রত্যেক দেশেই কালো টাকা সাদা করার সুযোগ আছে। কালো টাকা সাদা করার সুযোগ দিলে বিত্তশালীরা দেশে বিনিয়োগ করবেন। না হলে টাকা পাচার হয়ে যাবে।’
তিনি বলেন, ‘এসব টাকা (কালো টাকা) দেশে বিনিয়োগ হলে, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান বাড়বে।’ তাই কালো টাকা সাদা করার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানান তিনি।
বিরোধীদলীয় উপনেতা বলেন, নারী উদ্যোক্তাদের সুবিধা করে দেওয়া এবং নারীদের বিনিয়োগ বাড়ানোর জন্য মেয়েদের জন্য একটি ব্যাংক করে দিন। একই সঙ্গে প্রত্যেকটি উপজেলায় এই ব্যাংকের শাখা করে দিন। যাতে নারী উদ্যোক্তা বাড়বে, স্বনির্ভরতা বাড়বে।
রওশন এরশাদ বলেন, ধান নিয়ে এবার কৃষকের মাথায় হাত। তারা ধান পুড়িয়ে দিলো। এটা কেন হলো কৃষি ও খাদ্যমন্ত্রীর কাছে জবাব চাই। কৃষকদের ভর্তুকি দিয়ে এই সমস্যা সমাধান করবেন। যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলো কৃষকদের ভর্তুকি দেয়। যেমন করেই হোক আমাদের কৃষকের বাঁচার ব্যবস্থা করে দিতে হবে।
তিনি আর বলেন, অপচয়, অনিয়ম বন্ধ করতে পারলে প্রতি বছর বাজেট বড় করার দরকার হয় না। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য কমাতে উদ্যোগ নিতে হবে। আমাদের নিজেদের অর্থায়নে বাজেট করতে হবে। অন্যের উপর নির্ভর না করি। কতটুকু আয় করতে পারবো, কতুটুকু কর আদায় করতে পারবো। এসব বিষয় মাথায় রেখে বাজেট দিতে হবে। স্বপ্ন থাকবে কিন্তু সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেই সামর্থ্যটাও দেখতে হবে। আয় বুঝে ব্যয় করার পরামর্শ দেন রওশন এরশাদ।
রাজস্ব খাতে ব্যাপক সংস্কার আনার পরামর্শ দিয়ে বিরোধী দলীয় উপনেতা বলেন, ভ্যাট কাঠামো কার্যকর করার আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজন।
পার্টির চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য সবার কাছে দোয়া চেয়ে রওশন বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ এখন অনেক অসুস্থ। তবে কিছুটা ভালোর দিকে। দুর্বল রয়ে গেছেন। সেজন্য মানসিকভাবে বিপর্যস্ত আমরা। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’






