প্রতিদিন আক্রান্তের নতুন রেকর্ড!
প্রকাশিত হয়েছে : ১১:৫১:৩৫,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৯২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ৬৪১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮ জন। এ নিয়ে সারাদেশে মোট ৭১০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মোট ১৬৩ জনের মৃত্যু হলো।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এরআগে মঙ্গলবার (২৮ এপ্রিল) আক্রান্ত হয়েছিলেন ৫৪৯ জন।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৫টি প্রতিষ্ঠানে ৪ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬ পুরুষ ও দুই নারীসহ মোট মারা গেছেন ৮ জন। এদের মধ্যে চার জন ষাটোর্ধ্ব, ৫১-৬০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৪১-৫০ বছর বয়সের মধ্যে দুইজন। এই ৮ জনের মধ্যে ছয় জন ঢাকার বাসিন্দা বাকিরা ঢাকার বাইরের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৩ জনে। এর মধ্যে ১৩৭ জনই ঢাকায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৫০ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ১৩৯। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৪৬ হাজার ২০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৬১ হাজার ৭৮৫ জন।






