ত্রাণ বিতরণে বৈষম্য ও চুরি করলে ক্ষমা নেই: কাদের
প্রকাশিত হয়েছে : ২:০০:২০,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ত্রাণ বিতরণের নামে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। সুষ্ঠভাবে বিতরণ করতে হবে। এর মধ্যে যারা ত্রাণ বিতরণে অনিয়ম, বৈষম্য ও চুরি করবে, তাদের ক্ষমা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের জানান, এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনো প্রার বৈষম্য চলবে না।
ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।
তিনি আরও জানান, দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে আহ্বান জানান তিনি।






