বিএনপির মিছিলে পুলিশের হামলা, রিজভী আহত!
প্রকাশিত হয়েছে : ৭:২২:৫৯,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর মিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন রুহুল কবির রিজভী। এসময় হঠাৎ মিছিলে হামলা চালায় পুলিশ।
এ বিষয়ে রিজভী জানান, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হন।
শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষ বর্তমান সরকারের নিপীড়নে অতিষ্ঠ। যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে।
এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






