বিয়ে বাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, ৭ শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:১২:০৪,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহের সাত শিশু রয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে পাঁচটি লাশ উদ্ধার করার পর বেলা সাড়ে ১১টার দিকে সর্বশেষ নিখোঁজ মেয়েটির লাশ পাওয়া যায়। এর আগে ঘটনার পরপরই চার শিশুর লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে ইঞ্জিন চালিত নৌকাডুবির এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নোয়ারচর গ্রামের আবজল মিয়ার দেড় বছরের ছেলে সোহান মিয়া, আসাদ মিয়া (৫), স্ত্রী আজিরুন (৩০), মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রহিতুন নেছা (৩৫), জাসদ মিয়ার ছেলে শান্তা (৩), বাবুল মিয়ার ছেলে শামীম (২), বদরুল মিয়ার ছেলে আবির মিয়া (৩), পেরুয়া গ্রামের নছিব উল্লার স্ত্রী করিমা বিবি (৭০), ফিরোজ আলীর শহিদুল (৪) এবং দিরাই উপজেলায় মাসিমপুর গ্রামের তাসমিনা (১১)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে আটটার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠ আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন।
এ ঘটনায় ছয় শিশুসহ দশজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেব জানান, হাওরে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে লাশ গুলো উদ্ধার করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নিদের্শক্রমে তাৎক্ষণিক নিহতদের পরিবারকে ৯০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলেও জানান নির্বাহী অফিসার।






