সিলেটে যত্রতত্র পশু জবাই বন্ধে ইমামদের নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১:২২:৫৩,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আযহা বা কুরবানীর ঈদ। ঐদিন সারা দেশে পশু কুরবানী দেয়া হবে। সিলেটের যেখানে সেখানে কুরবানির পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করতে হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় নগরীর ২৭টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি আহ্বান জানানো হয়।
সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ইসলামী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ ও ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।






