‘নবম ওয়েজ বোর্ডের প্রাক্কালে গণমাধ্যমকর্মী ছাঁটাই গ্রহণযোগ্য নয়’
প্রকাশিত হয়েছে : ১:২৪:৩২,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নবম ওয়েজ বোর্ডের প্রাক্কালে গণমাধ্যমের অনাকাঙ্ক্ষিত ছাঁটাই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা সাংবাদিকতা পেশায় না গিয়ে অন্য পেশায় গেলে নিরাপদ থাকতেন। যারা অন্য পেশায় ভালো বেতনের চাকরি করে তাদের চেয়ে অনেক বেশি যোগ্যতা রাখেন সাংবাদিকরা। এ জন্য সমস্ত পত্রিকা ও টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, অকারণে যেন কাউকে ছাঁটাই করা না হয়।
সোমবার (২৯ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আন এডিটেড প্ল্যাটফর্ম। ফলে এখানে যেসব সংবাদ প্রকাশিত হয়, এসব সংবাদ অনেক সময় অস্থিরতা তৈরি করে, সামাজিক বন্ধন নষ্ট করে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে। সংবাদপত্রগুলো এডিটিং প্ল্যাটফর্ম বলে সেখানে ভুল কম হয়। এ কারণে সাংবাদিকদের উচিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করা।’
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, যে অনলাইনগুলো সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলোকে সহসাই নিবন্ধন দেওয়া হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, গণমাধ্যম কাজ করে সমাজের দর্পণ হিসেবে। সেই দর্পণে দৃষ্টি নিপাত করে সরকারও অনেক সিদ্ধান্ত গ্রহণ করে আবার অনেক সিদ্ধান্ত বদলায়। তাই সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে মনে রাখতে হবে কোনো একটি সংবাদ সমাজে কী প্রভাবে ফেলতে পারে -এটি আমাদের মাথায় রাখতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।






