লালাবাজারে শ্যামলী পরিবহনের ধাক্কায় একজন নিহত
প্রকাশিত হয়েছে : ৯:২৬:২২,অপরাহ্ন ১৯ জুন ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে শ্যামলী পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারযাত্রী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কাইয়ুম (৩৫) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাবরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে লালাবাজার কুশিয়ারা সিএনজি পাম্পের সামনে একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-১৩৯১) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহণের (ঢাকা মেট্রো ব ১৪-৩৭৮১) একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে বাসটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।






