রুশ বিমানের মতো রঙ করা হচ্ছে মার্কিন বোমারু বিমানে: সিরিয়ায় হামলার ষড়যন্ত্র?
প্রকাশিত হয়েছে : ৯:০৮:১৫,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৯৯৬ বার পঠিত
সিরাজুল ইসলাম : রাশিয়ার এসইউ-৩৪ জঙ্গিবিমানের আদলে মার্কিন এফ/এ-১৮ বোমারু বিমানে নীল রং লাগানো হয়েছে। সম্প্রতি কানাডার একজন সাংবাদিক তার টুইটার অ্যাকাউন্টে মার্কিন জঙ্গিবিমানের ছবি প্রকাশ করেছেন।
এ ছবি প্রকাশের পর ইন্টারনেট জগতে ঝড় উঠেছে এবং অনেকেই ধারণা করছেন, রুশ বিমানের ছদ্মবেশে মার্কিন বিমান সিরিয়ার সামরিক অবস্থানে হামলা করে মস্কোর ওপর দোষ চাপানোর পরিকল্পনা করেছে। এর মাধ্যমে আমেরিকা যুদ্ধকে যৌক্তিক করে তোলার চেষ্টা করবে।
কানাডার সাংবাদিক রব লু-ওং যে ছবি প্রকাশ করেছেন তাতে দেখা যায় মার্কিন এফ/এ-১৮ বিমানকে নীল রঙ দিয়ে পেইন্ট করা হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ জঙ্গিবিমানগুলোতে সাধারণত রাশিয়া নীল রং ব্যবহার করে থাকে। সাংবাদিক বব তার টুইট পোস্টে প্রশ্ন করেছেন, “রাশিয়ার বিমান বাহিনীর রঙে ধরা পড়েছে আমেরিকার কয়েকটি বোমারু বিমান। এটি কী প্রশিক্ষণের জন্য? নাকি সিরিয়ার অভ্যন্তরে ভয়াবহ হামলা চালানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং পরে দোষ দেবে রাশিয়াকে? অতএব, বন্ধুরা মার্কিন বোমারু বিমানগুলোকে রাশিয়ার বিমানের রঙে পেইন্ট করার ঘটনা পড়েছেন তো? আপনারা আরেকটি ধোঁকার কাহিনী পড়ার জন্য প্রস্তুতি নিন।”
টম নামে টুইটার ব্যবহারকারী আরেক ব্যক্তি বলেছেন, রুশ বিমানের রঙে পেইন্ট করা বিমান মার্কিন যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়ার একটি দৃশ্য এঁকেছেন যাকে পার্ল হারবারে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লিবার্টি ডুবিয়ে দেয়ার ঘটনার মতো। তিনি শেষে প্রশ্ন করেছেন- “ইউএসএস লিবার্টি স্টাইলে নতুন পার্ল হারবার?”
আমেরিকাসহ বিশ্বের বহুদেশ প্রশিক্ষণের সময় শত্রু দেশের বিমানের রঙে নিজেদের বিমান পেইন্ট করে থাকে এবং এটি একটি অভিন্ন রীতি। তবে মার্কিন এফ-১৮ বোমারু বিমানের গায়ে রুশ বিমানের রং করা হলো এমন সময় যখন সিরিয়া ইস্যুতে আমেরিকা ও রাশিয়া দ্বন্দ্বের চূড়ান্ত সীমায় পৌঁছেছে। সে কারণে ধারণা করা হচ্ছে- আমেরিকা সিরিয়ায় হামলার ষড়যন্ত্র করেছে এবং তার অংশ হিসেবে নিজেদের বোমারু বিমানে রুশ বিমানের রং লাগিয়েছে।
সুত্র: রেডিও তেহরান






