সিলেটে নতুন ৪৯ জনসহ একদিনে আক্রান্ত ১১৫ জন!
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৪৮,অপরাহ্ন ০১ মে ২০২০ | সংবাদটি ৯৬৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নারায়ণগঞ্জের পর ধীরে ধীরে করোনাভাইরাস ‘হটস্পট’ হয়ে উঠছে সিলেট।
সিলেটে গত ৫ এপ্রিল প্রথম করোনা রোগী সনাক্ত হন। এরপর থেকে একজন দুইজন করে সর্বশেষ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ জনে থাকলেও শুক্রবার (১ মে) একদিনে আক্রান্ত হয়েছেন ১১৫ জন।
এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২৬ জনে। এরআগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ছিলো ১১১ জন।
আক্রান্ত ২২৬ জনের মধ্যে সিলেট জেলার ৭২ জন রয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় পরীক্ষা করে ৯৯ জন শনাক্ত হন। আর সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষা করে শনাক্ত হন ১৬ জন।
শুক্রবার (১ মে) ওসমানী হাসপাতালে ১৬৭টি জনের নমুনা পরীক্ষা করা হলে ১৬ জন শনাক্ত হন। এ ১৬ জন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। তবে কোন জেলায় কতজন আক্রান্ত তা এখনও জানা যায়নি।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এদিকে, ওসমানী হাসপাতাল ল্যাবে স্যাম্পল বেশি থাকায় এক হাজারের বেশি স্যাম্পল ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। তাদের মধ্যে শুক্রবার বিকেলে ঢাকা থেকে টেলিফোনে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছিলো ৬৬ জনের স্যাম্পল প্রজেটিভ এসেছে। ঢাকার ফোন পেয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিকেলে গণমাধ্যমকে জানিয়েছিলেন রাতে ঢাকা থেকে ইমেল আসলে হয়তো আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
অবশেষে আনিসুর রহমানের ধারণাই সত্যি হলো। রাতে মেইল পাওয়ার পর তিনি ফের গণমাধ্যমকে জানান পূর্বের ৬৬ জনের সাথে আরও ৩৩ জনের রিপোর্ট প্রজেটিভ আসে।
এ ৯৯ জনের মধ্যে হবিগঞ্জের ১২ জন, মৌলভীবাজারের ৫ জন ও সুনামগঞ্জের ৪ জন রয়েছেন। আক্রান্ত বাকীদের পরিচয় জানা যায়নি।
স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, শুক্রবার দিনটি আমাদের জন্য বিরাট দুঃসংবাদ নিয়ে এসেছে। এতোসংখ্যক রোগীর শনাক্ত হওয়া প্রমাণ করছে এই বিভাগেও ভাইরাসটি কমিটিনিটি পর্যায়ে শনাক্ত হয়ে গেছে। এখন আমাদের আরও সচেতন হতে হবে। আর সাবধান থাকতে হবে।






