এবার পুরো সিলেট জেলা লকডাউন!
প্রকাশিত হয়েছে : ১২:৪২:২৪,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলার ন্যায় পুরো সিলেট জেলাও লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে এক গণ-বিজ্ঞপ্তিতে এ লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
জেলায় জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনও জেলায় গমন করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের গণ-পরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহের আওতা বহির্ভূত থাকবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






