রেল লাইনের সিগন্যাল খুঁটিতে ঝুলছে যাত্রীর লাশ!
প্রকাশিত হয়েছে : ৩:৫৫:৪৬,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
গাজীপুর থেকে সংবাদদাতা:: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় রেল লাইনের সিগন্যাল খুঁটিতে ঝুলে আছে এক যাত্রীর লাশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) একটি চলন্ত ট্রেনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ওই যুবক যাচ্ছিলেন।
একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাইরের দিকে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান এবং খুঁটির সঙ্গে ঝুলে থাকেন।
মান্নান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে কালো জিনস প্যান্ট ও গেঞ্জি রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।






