দুবাগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত মিসবাহ নিহত!
প্রকাশিত হয়েছে : ১:৫৯:১০,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিয়ানীবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে শেওলা সেতু এলাকার দুবাগে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার পর পুলিশ মিসবাহ উদ্দিন (৪৫) নামের এক ডাকাতের লাশ উদ্ধার করে। নিহত ডাকাত জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ গ্রামের আব্দুল মালিকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলির খোসা, বেশ কয়েকটি রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার একটি ডাকাতি মামলার আসামী হিসেবে জাফলং এলাকা থেকে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। রবিবার গভীর রাতে তাকে নিয়ে অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চালালে দুবাগ এলাকায় যাওয়ার পর মিছবাহ’র সহযোগীরা পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে। এরপর ভোর ৪ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ মিছবাহকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর জানান, ডাকাত মিছবাহর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। সে বিয়ানীবাজার থানার অপর আরেকটি ডাকাতি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।






