মিলেনি মসজিদের খাটিয়া, মাটিতে রেখেই জানাজা!
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:৩২,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৩১ বার পঠিত
ঝিনাইদহ থেকে সংবাদদাতা:: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধের লাশ নিতে মিলেনি মসজিদের খাটিয়া।
শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার খানজাপুর গ্রামে ঐ বৃদ্ধের মৃত্যু হয়।
রবিবার (১২ এপ্রিল) সকালে পরিবারের সদস্যদের বুঝিয়ে মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ওই বৃদ্ধের জামাই জানান, তার শ্বশুর গেল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এছাড়া তার সর্দি ও শ্বাসকষ্টও ছিল। গত শুক্রবার বিকেলে তিনি জামাইয়ের বাড়িতে আসেন। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। এসময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন মৃত ব্যক্তির সাথে থাকা স্বজনদের বরাত দিয়ে বলেন, চারদিন ধরে জ্বর ছিল। ঠাণ্ডা-কাশিও ছিল এবং তার গলাব্যাথাও ছিল। আমাদের সাথে আগে থেকে তিনি কোন যোগাযোগ করেনি। গত দুই দিন ধরে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শনিবার রাত ৯টার দিকে হাসপাতালে আনার পথে তিনি রাস্তার মধ্যে মারা গেছে।
তিনি আরও জানান, করোনা শনাক্তের জন্য তার নমুনা সংগ্রহ করি। নমুনা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি।
এদিকে ওই বৃদ্ধকে দাফনে মসজিদের খাটিয়া ব্যবহার করতে না দেয়ার অভিযোগ উঠেছে।
স্বজনরা জানান, তারা মসজিদের খাটিয়া চেয়েছিল, তবে তারা সেটি পায়নি। পরে বাধ্য হয়ে মাটিতে রেখেই ওই বৃদ্ধের জানাজা পড়ান কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ফারুক নোমানী। পরে দাফন সম্পন্ন করেন কালীগঞ্জের ৬ আলেম।






