সিলেট থেকে ঢাকাগামী উপবন লাইনচ্যুত, আতঙ্কে যাত্রীরা!
প্রকাশিত হয়েছে : ৯:০৯:৪২,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। ফেঞ্চুগঞ্জের মাইজগাওয়ে রেলওয়ে স্টেশনের পাশ্ববর্তী এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
সিলেট রেল স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে যাত্রীবাহি উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেঞ্চুগঞ্জ ও মাইজগাও স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌছার পর ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঝুঁকিপূর্ণ সিলেট-আখাউড়া রেলপথে ঘনঘন এমন দুর্ঘটনার কারণে যাত্রীদের আতঙ্ক আরও বেড়েছে।
তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, দ্রুতই দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।






