# ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

- Link: https://amaderprotidin.com/?p=31116
- Published: 2026-09-26T19:03:19+01:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি কমিউনিটি সেন্টারে
মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় ১০০ জন যুবককে
বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়।

এ উপলক্ষে নালিউরি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র
কোরআন তিলাওয়াত করেন মম হেলপিং হ্যান্ডসের পরিচালক ও গোলাপগঞ্জ মডেল প্রবাসী কল্যাণ
পরিষদের সাধারণ সম্পাদক কামাল আহমদ।

ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা
বক্তব্য রাখেন মম হেলপিং হ্যান্ডসের পরিচালক ও সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি
হাজী জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ইনচার্জ **ছবেদ আলী**, 
বিশিষ্ট লেখক ও সাংবাদিক **আনোয়ার শাহজাহান**, পুলিশ ইন্সপেক্টর **মোছলেহ উদ্দিন আহমেদ**
এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা  ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক
মোহাম্মদ আব্দুল মতিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এ. রিপন, ভাদেশ্বর
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই এবং উপজেলা বিএনপির সহ-
সভাপতি মো. আব্দুল জলিল ছাবু।

বক্তারা মম হেলপিং হ্যান্ডসের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের মানুষের কল্যাণে
সম্মিলিতভাবে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের শিশু
ও যুবকদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনার মতো কার্যক্রম সাধারণ মানুষের জন্য সহায়ক 
ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাকিব আল মামুন, সাংবাদিক রুমন আহমদসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নালিউরি গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তি মরহুম হাজী হামিদ আলীর
চার ছেলে মিলে মম হেলপিং হ্যান্ডস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

মম হেলপিং হ্যান্ডসের অন্যতম প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী সাংবাদিক ও কমিউনিটি সংগঠক শহিদুর
রহমান জামাল। তাঁর অপর তিন ভাই হলেন সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হাজী 
জয়নাল আবেদিন, গোলাপগঞ্জ বিএনপি নেতা কামাল আহমদ এবং পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক
আজমল আহমদ।

পরিবারের সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সমাজসেবামূলক সংগঠনটি স্থানীয় মানুষের পাশে
দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

ফ্রি সুন্নতে খতনা কর্মসূচিতে অংশ নেওয়া যুবক ও তাদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা
ব্যক্ত করেন।
